কাবুলে ‘৩৬ ঘণ্টার মধ্যে ফের হামলার শঙ্কা’
এফই ডেস্ক |
Published:
August 29, 2021 11:09:25
| Updated:
August 29, 2021 15:19:34
মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়া শুরু করার মধ্যেই সেখানে আরেকটি জঙ্গি হামলার জোর সম্ভাবনা আছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন একথা বলার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিরাপত্তা হুমকির কারণে আমেরিকানদের অবিলম্বে কাবুল বিমানবন্দর এলাকা ছেড়ে যাওয়ার জন্য আবার সতর্ক করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে আছে আর সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা হওয়ার জোর সম্ভাবনা আছে।
আফগানিস্তানের স্থানীয় সময় রোববার সকালে কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস মার্কিন নাগরিকদের ‘নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য হুমকির’ বিষয়ে সতর্ক করেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সম্প্রতি বেশ কয়েকবার একই ধরনের সতর্কতা জারি করেছে।
দেশটিতে সামরিকভাবে যুক্ত থাকার একেবারে শেষ পর্যায়ে আছে ওয়াশিংটন। তারা ২০ বছর আগে যাদের ক্ষমতা থেকে হটিয়েছিল সেই তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে এসেছে।
এমন পরিস্থিতিতে আফগানিস্তান ছাড়তে মরিয়া মার্কিন নাগরিক, অন্যান্য দেশগুলোর নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর বাহিনী।
লোকজনকে সরানোর কাজ চলার মধ্যেই বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের সামনে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্য ও আরও প্রায় ১৭০ জন নিহত হন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে।
এর প্রতিক্রিয়ায় আফগানিস্তান ছাড়ার শেষ পর্যায়েও শুক্রবার দেশটির নানগারহার প্রদেশে সন্দেহভাজন আইএস জঙ্গিদের ওপর ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে আইএসের দুই শীর্ষ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
তবে এ হামলাই যুক্তরাষ্ট্রের শেষ প্রতিশোধমূলক হামলা নয় বলে জানিয়েছেন বাইডেন। এই হুমকি আফগানিস্তানের বিশৃঙ্খল ও বিপজ্জনক পরিস্থিতির আরেকটি ইঙ্গিত।
বাইডেনের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা, মঙ্গলবারের (৩১ অগাস্ট) মধ্যে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন নাগরিক ও আফগানদের সরিয়ে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের মিত্র অন্যান্য দেশও এই সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে তাদের বাহিনী সরিয়ে নিচ্ছে। ফ্রান্স তাদের কার্যক্রম শুক্রবারই শেষ করেছে। যুক্তরাজ্য শনিবারের মধ্যে তাদের সব নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া সম্পন্ন করেছে।