করোনাভাইরাস টিকা: শতকোটি ডোজ উদযাপনের প্রস্তুতি ভারতের
এফই অনলাইন ডেস্ক |
Published:
October 21, 2021 12:52:16
| Updated:
October 21, 2021 18:02:38
ভারত বৃহস্পতিবারের মধ্যে করোনাভাইরাস টিকার ১০০ কোটি ডোজ প্রদান সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে।
ধীর গতিতে টিকা কর্মসূচী শুরু করার পর এর মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক পার করছে দেশটি। উৎসবের মধ্য দিয়ে ‘মহান’ এই অর্জন উদযাপন করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ উপলক্ষ্যে দিল্লির স্থানীয় সময় দুপুরের দিকে লাল কেল্লায় একটি গান ও একটি অডিও-ভিজ্যুয়াল ফিল্মের প্রদর্শনী উদ্বোধন করবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া; দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এদিন লাল কেল্লায় ১৪০০ কেজি ওজনের বৃহত্তম জাতীয় পতাকাও ওড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।
করোনাভাইরাস টিকা কর্মসূচী শুরু করার পর নয় মাসের মধ্যে দেশটি ৯৯ কোটি ৮৫ লাখ ডোজ দেওয়া সম্পন্ন করেছে। এসব ডোজের প্রায় ৯০ শতাংশের ক্ষেত্রে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা টিকা ব্যবহার করা হয়েছে।
“আমি টিকা না নেওয়া সব ভারতীয়দের দ্রুত তাদের ডোজ গ্রহণ করার এবং আমাদের ঐতিহাসিক স্বর্ণালি টিকা যাত্রায় অবদান রাখার আবেদন জানাচ্ছি,” টুইটারে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মানদাভিয়া।
চলতি বছরের মধ্যে ভারতের ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্কের সবাইকে টিকার আওতায় আনতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ইতোমধ্যে তাদের ৭৫ শতাংশ টিকার অন্তত একটি ডোজ এবং ৩১ শতাংশ দুটি ডোজ পেয়েছেন।
ভারতে এ পর্যন্ত শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা তিন কোটি ৪১ লাখেরও বেশি আর মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৬৫১ জনের। এপ্রিল ও মে-তে মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল।
টিকার পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ‘উল্লেখযোগ্য সংখ্যক’ লোক নির্দিষ্ট তারিখের মধ্যে তাদের দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্চের শুরুর দিক থেকে নতুন রোগীর সংখ্যা কমতে শুরু করার পর থেকে এ প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছে তারা।