‘শতভাগ ফিট’ সাকিব খেলবেন চট্টগ্রাম টেস্টে
এফই অনলাইন ডেস্ক | Saturday, 14 May 2022
দুই দফায় ব্যাটিং সেশন হলো ৩০ মিনিটের মতো। বৃষ্টির বাগড়ায় সেই অনুশীলন শেষ হলো না পুরোপুরি। পরে বোলিং-ফিল্ডিং ঝালিয়ে নেওয়া একটুও হলো না সাকিব আল হাসানের। তবে ব্যাটিং দেখেই এই অলরাউন্ডারের শারীরিক অবস্থা বুঝে নিয়েছে দল, দাবি মুমিনুল হকের। বাংলাদেশ অধিনায়ক জানালেন, চট্টগ্রাম টেস্ট খেলার জন্য প্রস্তুত সাকিব।
টেস্টের আগের দিন শনিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনের শুরুতেই মুমিনুল দূর করে দিলেন সাকিবকে নিয়ে অনিশ্চয়তা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
“(অনুশীলনে) দেখে তো ভালোই মনে হলো (সাকিবকে)। ব্যাটিং তো ভালোই করলেন আমার কাছে মনে হলো। হ্যাঁ, খেলবেন ইনশাল্লাহ।”
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গত মঙ্গলবার কোভিড পজিটিভ হন সাকিব। প্রথম টেস্ট থেকে এই অলরাউন্ডার ছিটকে গেছেন বলেও আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি। তবে বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে তিন দফা পরীক্ষায় প্রতিবারই তিনি নেগেটিভ হন। শুক্রবার রাতেই যোগ দেন চট্টগ্রামে দলের সঙ্গে।
তবে সদ্য কোভিড থেকে ফেরায় তার শারীরিক অবস্থা নিয়ে সংশয় ছিল। শুক্রবার সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো বলেন, সাকিবের শারীরিক অবস্থা দেখে তারা সিদ্ধান্ত নেবেন। ৬০-৭০ ভাগ ফিট হলেও সাকিবকে খেলানোর ঝুঁকি দল নেবে না।
অনুশীলনে সাকিবের কোনো ফিটনেস পরীক্ষা হতে দেখা যায়নি। আলাদা কোনো রানিং সেশনও ছিল না তার। আদতে কি তিনি ৭০ ভাগের বেশি ফিট? সরাসরি এই প্রশ্ন সাকিবের শারীরিক অবস্থার কথা মুমিনুল উল্লেখ করলেও জোর দিলেন মানসিক অবস্থার ওপর।
“আমার কাছে তা-ই মনে হয়েছে (৭০ ভাগের বেশি ফিট)। আমার সবচেয়ে বেশি ‘ইয়ে’ লাগে, সাকিব ভাইয়ের সাইকোলজি অনেক শক্তিশালী। উনি যদি চায় তো উনি খেলতে পারবেন। আপনারও জানেন সেটা। আমার চেয়ে আপনারাও ভালো জানেন। আমার কাছে ওটা নিয়ে কোনো সন্দেহ নেই।”
কোচ ডমিঙ্গো শুক্রবার বলেছিলেন, দিনে ১৫ ওভার বোলিং করা ও উইকেটে গিয়ে ৩-৪ ঘণ্টা ব্যাটিং করার মতো অবস্থায় থাকলেই কেবল সাকিবকে বিবেচনায় নেওয়া হবে। শনিবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের নেটে আধঘণ্টার ব্যাটিং অনুশীলন ছাড়া আর কোনো স্কিল অনুশীলন করতে তাকে দেখা যায়নি।
তবে মুমিনুল বললেন, ব্যাটিং দেখেই তারা সাকিবের শারীরিক অবস্থার সবটুকু বুঝে নিয়েছেন।
“আমার কাছ মনে হয়, একটা খেলোয়াড়ের ব্যাটিং দেখলেই অনেক কিছু বোঝা যায়। তার সাইকোলজি অনেক কিছু বোঝা যায়। আপনারাই মনে হয় আমার থেকে বেশি দেখেছেন, আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারা ভালো বুঝতে পারবেন। উনি শতভাগ ফিট। খেলার জন্য ফিট, যেটা আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে।”
গত নিউ জিল্যান্ড সফরের পর দক্ষিণ আফ্রিকা সফর এবং এবার এই সিরিজে, প্রতিবারই সাকিবকে অনিশ্চয়তা দেখা গেছে অনেক। তাকে দলে পাওয়া নিয়ে সংশয়, টানাপোড়েন গত কয়েক বছরেই দেখা গেছে। এমন গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারকে নিয়ে অনিশ্চয়তা মানে দলীয় পরিকল্পনাও ব্যহত হতে পারে বারংবার। তবে মুমিনুলের সমস্যা হয় না বলেই তিনি দাবি করলেন।
“আমার কাছে মনে হয় পুরো বিষয়টি চিন্তার ওপরে, আপনি কীভাবে চিন্তা করবেন। এরকম পরিবর্তন আমার জন্য সমস্যা হবে কী হবে না… আমি যদি এভাবে চিন্তা করি তাহলে সমস্যা তৈরি হবে, আমি যদি চিন্তা করি সমস্যা তৈরি হবে না, তাহলে সমস্যা হবে না।”
“দক্ষিণ আফ্রিকায় তো উনি খেলতেনই। পারিবারিক সমস্যায় খেলতে পারেননি। আর এখানে তো খেলার কথা ছিল। কালকেও খেলবেন। হয়তো কোভিডের কারণে সংশয় ছিল। এগুলো নিয়ে আমরা অত বেশি চিন্তা করি না।”
Editor : Shamsul Huq Zahid
Published by Syed Manzur Elahi for International Publications Limited from Tropicana Tower (4th floor), 45, Topkhana Road, GPO Box : 2526 Dhaka- 1000 and printed by him from City Publishing House Ltd., 1 RK Mission Road, Dhaka-1000.
Telephone : PABX : 9553550 (Hunting), 9513814, 7172017 and 7172012 Fax : 880-2-9567049
Email : editor@thefinancialexpress.com.bd, fexpress68@gmail.com