logo

‘ভার্চুয়ালি’ বসছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আসর

Thursday, 29 April 2021


দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২১ ‘ভার্চুয়ালি’ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকরা।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শিগগিরই ‘ভার্চুয়াল’ এ আয়োজন শুরু করা হবে বলে ফেইসবুক পাতায় এক বিবৃতিতে জানিয়েছে বৈশ্বিক এ আসরের বাংলাদেশি ফাঞ্চাইজি অমিকন এন্টারটেইনমেন্ট।

এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একজন  জানান, এখনও প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে শিগগিরই তা শুরু হবে।

ভার্চুয়ালি আয়োজনের বিষয়ে তিনি বলেন, “করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অফিসের কাজকর্ম থেকে মিটিং পর্যন্ত সবকিছুই ভার্চুয়ালি করা হচ্ছে; এর সঙ্গে ইতোমধ্যে আমরা অভ্যস্তও হয়ে উঠেছি। ফলে এই আয়োজনও ভার্চুয়ালিই করার পরিকল্পনা চলছে।”

বাংলাদেশ থেকে নির্বাচিত প্রতিনিধি পুয়ের্তো রিকোর রাজধানী সান হোয়ানে আয়োজিত ৭০তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল আসরে অংশ নেবেন।

১৬ ডিসেম্বর শহরটির কোকাকোলা মিউজিক আয়োজিত আলো ঝলমলে গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর মাথায় স্বপ্নের মুকুট পরিয়ে দেবেন গতবারের বিজয়ী জ্যামাইকান সুন্দরী তনি অ্যান সিং।

১৯৫১ সালে লন্ডন থেকে বিশ্বের সবচেয়ে পুরনো প্রতিযোগিতাটির আয়োজন করেন যুক্তরাজ্যের নাগরিক এরিক মার্লে। ২০০০ সালে তার মৃত্যুর পর প্রতিযোগিতার দায়িত্ব নেন তার স্ত্রী জুলিয়া মার্লে।

মার্লের কাছ থেকে ২০১৭ সালে পাঁচ বছরের জন্য বাংলাদেশি ফ্রাঞ্চাইজি নেয় অন্তর শোবিজ। পরে ২০১৯ সালে অমিকন এন্টারটেইনমেন্টকে ফাঞ্চাইজি হস্তান্তর করেছে অন্তর শোবিজ।

২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল ফেরদৌস এভ্রিলের নাম ঘোষণার পর বিয়ের তথ্য গোপনের দায়ে তাকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়।

পরের বছর ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন রাফাহ নানজিবা তোরসা। করোনাভাইরাসের কারণে ২০২০ সালের আয়োজন স্থগিত ছিল।

এর আগে বাংলাদেশ থেকে ১৯৯৪ সালে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন আনিকা তাহের।

এরপর ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯), সোনিয়া গাজী (২০০০) ও তাবাসসুম ফেরদৌস শাওন (২০০১) বাংলাদেশ থেকে অংশ নেন।