logo

‘বান্ধবীর’ বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘অস্বাভাবিক’ মৃত্যু

এফই অনলাইন ডেস্ক | Wednesday, 2 February 2022


রাজধানীর ভাটারার নূরের চালা এলাকায় একটি বাসায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রেরঅস্বাভাবিক’ মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল আলম সেজান (২১) নামে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর এই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সেজানকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন এক তরুণী ও তরুণীর মা। পরীক্ষা করে চিকিৎসকেরা সেজানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটকে রাখা হয়েছে।

নূরের চালা এলাকার যে বাসা থেকে সেজানকে হাসপাতালে আনা হয় সেটি ওই তরুণীর বাসা।

তরুণী পুলিশকে জানিয়েছেন, “মঙ্গলবার দুপুরের পর তাদের ভাড়া বাসায় আসেন সেজান। এসময় তিনি নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। পরে উঠে দেখেন বাসার ড্রইং রুমে সেজানের লাশ ঝুলছে।“

খবর শুনে হাসপাতালে ছুটে আসেন সেজানের বাবা আবাসন ব্যবসায়ী সাইফুল আলম। তিনি অভিযোগ করেন, তার ছেলেকে মেরে ফেলা হয়েছে।

সেজানের ছোট ভাই নাফিজুল শাহ জানান, গত সোমবার তারা দুই ভাই একসঙ্গে বাণিজ্য মেলায় গিয়েছিলেন। এরপর সেজান বাসায় ফেরেননি।

ছোট ভাইয়ের দাবি, ওই তরুণীর সঙ্গে তার ভাইয়ের দীর্ঘদিনের সম্পর্ক। ভাইয়ের মৃত্যুতে তরুণীর দায় রয়েছে বল তিনি মনে করেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সেজান ও তরুণী বিভিন্ন ইভেন্ট ইভেন্টে একসঙ্গে খণ্ডকালীন কাজ করতেন। সেখানে পরিচয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

তবে সেজান কখন ও কেন ওই তরুণীর বাসায় গিয়েছিলেন এবং সেখানে কী ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

ভাটারা থানার ওসি সাজেদুর রহমান রাত ১২টার দিকে জানান, পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।