logo

‘পর্তুগাল মানেই শুধু রোনালদো নন’

এফই ডেস্ক | Friday, 25 June 2021


প্রতিপক্ষ যখন পর্তুগাল, যে কোনো দলের কৌশলের বড় অংশ জুড়ে থাকে ক্রিস্তিয়ানো রোনালদোকে আটকানো। তবে বেলজিয়ামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড বলছেন, পর্তুগাল দলে দারুণ সব ফুটবলারের অভাব নেই। তাই শুধু একজনকে নিয়ে ভাবলে চলবে না তাদের।

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আটে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। সেভিয়ায় ম্যাচটি শুরু রোববার বাংলাদেশ সময় রাত ১টায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোনালদো আলোচনার কেন্দ্রে থাকেন প্রায় সবসময়ই। এবার তা আরও বেশি তার পারফরম্যান্সের কারণেই। গ্রুপ পর্বেই ৫ গোল হয়ে গেছে পর্তুগাল অধিনায়কের।

তবে শেষ ষোলোর প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল্ডারভাইরেল্ড বললেন, পর্তুগাল শুধু একজনের ওপর নির্ভর করে না।

“অবশ্যই সবাই ক্রিস্তিয়ানো রোনালদোর কথাই বলে, সে বিশ্বের সেরাদের একজন। তবে পর্তুগাল মানেই শুধু তিনি নন, তাকে ঘিরে আরও অনেক মানসম্পন্ন ফুটবলার আছেন, যারা তাকে সুযোগ তৈরি করে দেয়।

“তাদেরকে হারানো খুবই কঠিন। দারুণ এক দল তারা, খুব আঁসাঁট ফুটবল খেলে এবং তারা জানে, বড় টুর্নামেন্টে বড় ম্যাচে কিভাবে খেলতে হয়। অভিজ্ঞতাও প্রচুর তাদের। আমার তাই মনে হয়, ওদেরকে হারাতে হলে নিজেদের খেলার চূড়ায় থাকতে হবে আমাদের।”

এমন একটি দলের সঙ্গে কোয়ার্টার-ফাইনালের আগেই দেখা হওয়ায় খানিকটা দুর্ভাবনা পেয়ে বসা অস্বাভাবিক নয়। তবে আল্ডারভাইরেল্ডের মতে, এরকম টুর্নামেন্টে সহজ-কঠিন প্রতিপক্ষ বলে কিছু নেই।

“ আমার মনে হয় না, প্রতিপক্ষ নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টির কোনো ব্যাপার এসব জায়গায় আছে। ধরুন, পর্তুগাল না হয়ে আমাদের সঙ্গে যদি হাঙ্গেরির খেলা হতো এবং সবাই তখন ভাবতে শুরু করত, ‘এই ম্যাচ সহজ হতে যাচ্ছে’, মানসিকতা এরকম থাকলে এই ধরনের ম্যাচের জন্য উজ্জীবিত হওয়া কঠিন। আমরা শীর্ষ একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি এবং এটাই আমাদেরকে বাধ্য করবে সেরাটা দিতে।”

চ্যালেঞ্জ যতই কঠিন হোক, তা দুহাতে আলিঙ্গন করতে পিছপা হবে না বেলজিয়াম, বলছেন আল্ডারভাইরেল্ড।

“ আমাদের একসঙ্গে অনেক অভিজ্ঞতা আছে এবং সবাই জানে, ঠিক কী করতে হবে। যারা খেলবে, তারা প্রস্তুত হয়েই নামবে।”