logo

২৭ টাকা কেজিতে ধান, ৪০ টাকায় চাল কিনবে সরকার

এফই অনলাইন ডেস্ক | Sunday, 31 October 2021


আসন্ন আমন মৌসুমে ৪০ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ২৭ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার।

রোববার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগামী ৭ নভেম্বর থেকে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এতে বলা হয়, সভায় আমন ধানের সরকারি ক্রয় মূল্য প্রতি কেজি ২৭ টাকা, চালের মূল্য প্রতি কেজি ৪০ টাকা এবং গমের মূল্য প্রতি কেজি ২৮ টাকা নির্ধারণ করা হয়।

এই দফায় ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে।

আগামী ১ এপ্রিল থেকে দেড় লাখ টন গম কেনা হবে।

গত বছর ২৬ টাকা কেজি দরে আমন ধান ও ৩৬ টাকা কেজি দরে চাল কিনেছিল সরকার।

খাদ্যমন্ত্রী বলেন, “কৃষকের জন্য নায্য মূল্য নিশ্চিত করতে চায় সরকার পাশাপাশি খাদ্যের নিরাপত্তা মজুতও বৃদ্ধি করতে চায়। বেরো ধান সংগ্রহে সফল হয়েছে সরকার। সে ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে বলে আশা করি।”

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “কৃষি প্রকৃতি ও অঞ্চল নির্ভর। দেশে ধানের পাশাপাশি পেঁয়াজ, রসুনসহ আরো বেশ কিছু কৃষি পণ্য দেশে উৎপাদিত হলেও সংরক্ষণের অভাবে কৃষক নায্য মূল্য হতে বঞ্চিত হয়। দেশে কৃষি জমির পরিমান কমে যাওয়া, শিল্পকারখানা বৃদ্ধি পাওয়ার পরও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মানসম্পন্ন পণ্য উৎপাদন হলে রপ্তানির সম্ভাবনা আরও বাড়বে।

সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবন্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বক্তব্য রাখেন।