logo

২৪ ঘণ্টায় ১৬ জেলায় নতুন কোনো কোভিড রোগী শনাক্ত হয়নি

Saturday, 19 February 2022


করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার ধারায় গত এক দিনে দেশের এক চতুর্থাংশ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি, একশর বেশি রোগী শনাক্ত হয়েছে কেবল ঢাকা আর কক্সবাজারে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ১৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ৯ জানুয়ারি, সেদিন ১ হাজার ৪৯১ জনের সংক্রমণ ধরা পড়েছিল। পরদিনই শনাক্ত রোগীর সংখ্যা ২২ শ ছাড়িয়ে যায়।

শুক্রবার সারা দেশে ২ হাজার ৫৮৪ নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২৪ জনের। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৮ দশমিক ৭১ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ৯ দশমিক ৩১ শতাংশ ছিল। আর শনিবারের চেয়ে কম শনাক্তের হার ছিল সর্বশেষ ৯ জানুয়ারি, সেদিন প্রতি ১০০ নমুনা পরীক্ষায় ৬ দশমিক ৭৮ জনের কোভিড পজিটিভ হয়েছিল।  

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত। গত ১২ জানুয়ারি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ ছাড়ায়। ২৮ জানুয়ারি তা পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড উচ্চতায়।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৯৪৪ জনের প্রাণ গেছে এ মহামারীতে।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৯ হাজার ৪৭৮ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন সুস্থ হয়ে উঠলেন।