logo

২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা আবার হাজার ছাড়িয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Tuesday, 18 May 2021


ঈদের ছুটির পর নমুনা পরীক্ষা বাড়ায় দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা আবার হাজার ছাড়িয়েছে।

দেশে গত একদিনে আরও ১ হাজার ২৭২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ২১১ জন।

ঈদের ছুটির প্রথম দুই দিনে নমুনা পরীক্ষা এক চতুর্থাংশে নেমে আসায় শনিবার শনাক্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল সেদিন।

পরদিন ৫ হাজার ৫০৮টি নমুনা পরীক্ষায় ৩৬৩ জন এবং রোববার ১০ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করে ৬৯৮ জন নতুন রোগী শনাক্ত করার কথা সোমবার জানানো হয়।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর ২৪ ঘণ্টায় প্রায় ১৭ হাজার নমুনা পরীক্ষা করার কথা জানিয়েছে, তাতেই শনাক্ত রোগীর সংখ্যা আবার বেড়ে গেছে।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও এক হাজার ১১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা সাড়ে ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।