logo

২৪ ঘণ্টায় আরও ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

এফই অনলাইন ডেস্ক | Friday, 22 October 2021


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৬ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৮০ জন ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন । তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৬২৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

গত একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর আসেনি।

চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৩ জনে। আর এ মাসে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৫ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২২ হাজার ১৩০ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন।

মহামারীর মধ্যে এ মৌসুমে জুলাই থেকে উদ্বেগ বাড়াতে থাকে ডেঙ্গু।

এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে অগাস্ট ও সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ১৫ হাজার ৫৩৯ জন। আর এই দুই মাসে মারা গেছেন ৫৭ জন রোগী।

গত সেপ্টেম্বর মাসে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তাতে প্রাণ গেছে ২৩ জনের।

এর আগে অগাস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়তে থাকে। সব মিলিয়ে এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে এইডিস মশাবাহিত এই রোগে।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, এ বছরই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাস জ্বরে।

সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর।