logo

২০ লাখ টন আলু উদ্বৃত্ত, বিক্রিতে সরকারের সহযোগিতা চায় কোল্ডস্টোরেজ এসোসিয়েশন

বাসস | Tuesday, 10 August 2021


বাংলাদেশ কোল্ডস্টোরেজ এসোসিয়েশন জানিয়েছে, চলতি মৌসুমে প্রায় ২০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে।

মঙ্গলবার কৃষিমন্ত্রী. মো: আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎকালে সংগঠনের এক প্রতিনিধিদল জানান, “চলতি মৌসুমে ১ কোটি ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। বিপরীতে দেশে আলুর চাহিদা ৮৫-৯০ লাখ মেট্রিক টন। এর ফলে প্রায় ২০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে।”

তাঁরা বলেন, ”এ বছর প্রায় ৪০০ হিমাগারে ৫৫ লাখ টন খাবার আলু, বীজ আলু ও রপ্তানিযোগ্য আলু সংরক্ষিত আছে। বর্তমানে আলুর বাজারদর কম। সংরক্ষিত আলু বাজারজাত না করতে পারলে বিপুল পরিমাণ আলু অবিক্রিত থাকার সম্ভাবনা দেখা দিবে।”

এ পরিস্থিতিতে আলু বিক্রিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

সাক্ষাৎকালে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, কোল্ডস্টোরেজ এসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ হোসেন পুষ্টি, ভাইস প্রেসিডেন্ট ইসতিয়াক আহমেদ, ময়নাকুটি কোল্ডস্টোরেজের চেয়ারম্যান সরোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

গতবছরের মতো এ বছরও ত্রাণসহ বিভিন্ন সরকারি কাজে আলু বিতরণের দাবি জানিয়ে প্রতিনিধিদল বলেন, “সরকারিভাবে ক্রয় করে ত্রাণ, কাবিখা, ভিজিএফ, ওএমএস, রোহিঙ্গাদের মধ্যে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর রেশনে আলু বিতরণ করলে উদ্বৃত্ত আলুর সুষ্ঠু ব্যবহার সম্ভব।”

এসময় কৃষিমন্ত্রী বলেন, গতবছর করোনার গুরুত্বের দিকে আমরা বিভিন্ন ত্রাণ কাজে, রোহিঙ্গাদের মধ্যে ও রেশনে আলু বিতরণের উদ্যোগ গ্রহণ করার ফলে আলুর ব্যবহার অনেক বেশি হয়েছিল। শেষদিকে আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

এ বছর উদ্বৃত্ত আলুর বাজারজাতের জন্য উচ্চপর্যায়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, “আলুর সুষ্ঠু বাজারজাতে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানি বৃদ্ধি করতে হবে। সেটি বিবেচনায় নিয়ে আলুর রপ্তানি বৃদ্ধিতে প্রচেষ্টা চলছে। আগামীতে আলুর রপ্তানি অনেক বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।”