২,২০৩ ইউনিয়ন পরিষদে বিনা ভোটে নির্বাচিত হলেন ১,০৬৭ জন প্রার্থী
Friday, 12 November 2021
তিন ধাপে এখন পর্যন্ত মোট ২,২০৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে মোট ১,০৬৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তিন ধাপ মিলিয়ে চেয়ারম্যান পদে ২৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, যার মধ্য দিয়ে এবারের নির্বাচন পাঁচ বছর আগের রেকর্ড ছাড়িয়ে গেল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগসহ অন্তত দেড় ডজন দলের প্রার্থী অংশ নিলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।
এবারের ইউপি নির্বাচনের প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপির ভোট হয়েছে ১১ নভেম্বর।
তৃতীয় ধাপের ১০০৪ ইউপিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার। ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোট হবে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান শুক্রবার জানান, তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের পর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ হাজার ৪০৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ১০৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন।
আসাদুজ্জামান বলেন, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ১০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং নারী সদস্য পদে ১৩২ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
এর আগে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আর প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ জন একক প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যান।
২০১৬ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি ভোট হয়। সেবার ছয় ধাপের ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১২ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতদিন সেটাই ছিল সর্বোচ্চ।