logo

হেলথকেয়ার বাংলাদেশে আনছে ক্যান্সারের ওষুধ ‘সাইরামজা’

এফই অনলাইন ডেস্ক | Friday, 8 October 2021


শুক্রবার ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক বি কে রায়।

সাইরামজা তৈরি করে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ‘এলি লিলি’। এ কোম্পানির ভারতীয় শাখার সঙ্গে মিলে বাংলাদেশের বাজারে ওষুধটি আমদানি করবে হেলথ কেয়ার। তবে বাংলাদেশে এর দাম কত হবে, তা এখনো ঠিক হয়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বি কে রায় বলেন, ওষুধটির দাম নির্ধারণের জন্য তারা বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরে প্রস্তাব জমা দিয়েছেন।

“রোগীদের এক মাসে সাইরামজার যে ডোজ লাগে, ভারতে সেজন্য চার থেকে পাঁচ লাখ রুপি খরচ হয়। আমরা চেষ্টা করছি দামটা বাংলাদেশে ১৫ থেকে ২০ শতাংশ কমিয়ে আনার।”

সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক এম এ হাই বলেন, “মানুষ যত আধুনিক হচ্ছে ক্যান্সার তত বাড়ছে। আমাদের মত দেশে আরও বাড়ছে। ধূমপান, তামাক (জর্দা) চাবানোর মত বদ অভ্যাস অনেক রকম ক্যান্সার বাড়াচ্ছে।

“এছাড়া আমাদের খাদ্যাভ্যাস, খাদ্য ও পরিবেশ দূষণকে এর জন্য দায়ী করা যায়। ক্যান্সার রোগীদের কষ্ট লাঘবে সাইরামজা ভূমিকা রাখতে পারে।”

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ক্যান্সারের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালে বাংলাদেশে এক লাখ ৫৬ হাজার ৭৭৫ জন মানুষের মধ্যে ক্যান্সার ধরা পড়ে। আর ওই বছর ক্যান্সারে মারা গেছেন এক লাখ ৮ হাজার ৯৯০ জন।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি।