logo

হবিগঞ্জে ভিমরুলের কামড়ে দম্পতির মৃত্যু

Saturday, 7 August 2021


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এরা হলেন- আজমিরীগঞ্জ পৌরসভার জুম্মাহাটি এলাকার আবুল হোসেন (৮০) ও তার স্ত্রী আজুতুন নেছা (৬০)।

শনিবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মনির হোসেন জানান।

স্থানীয়রা জানান, আবুল হোসনের ঘরের সামনে আমগাছে ভিমরুলের বাসা ছিল। শুক্রবার বিকালে গাছ থেকে ভিমরুলের বাসাটি ভেঙে পড়ে। এ সময় সহস্রাধিক ভিমরুল আবুল হোসেন ও আজুতুনকে কামড় দেয়।

পরে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে আজমিরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. মনির বলেন, “আবুল হোসন ও তার স্ত্রীর শরীরে ভিমরুলের কমাড়ের দাগ রয়েছে। অতিরিক্ত বিষক্রিয়ায় তারা মারা গেছেন।”