logo

স্পুৎনিক টিকাও বানাবে সেরাম ইনস্টিটিউট

এফই ডেস্ক | Saturday, 5 June 2021


অ্যাস্ট্রাজেনেকার পর এবার রুশ টিকা তৈরিও শুরু করতে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রাথমিক অনুমোদন দিলেও স্পুৎনিক টিকা তৈরি শুরু করতে সেরামের আরও কয়েকমাস লাগবে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতের সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সেরাম ইনস্টিটিউটটে এখন ‘টেস্ট লাইসেন্স’ দেওয়া হয়েছে, এখন তারা পরীক্ষামূলকভাবে টিকা তৈরি করতে পারবে, তবে বিক্রি করতে পারবে না।   খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেরাম ইনস্টিটিউটের মুখপাত্র এনটিভিকে বলেন, “আমরা স্পুৎনিক ভি তৈরির প্রাথমিক অনুমোদন পেয়েছি। সত্যিকারের উৎপাদন শুরু করতে কয়েক মাস লেগে যাবে।”

ভারতে রুশ টিকার প্রয়োগ ইতোমধ্যে শুরু হয়েছে। এই টিকার প্রতি ডোজ কিনতে ভারতের খরচ হচ্ছে ৯৯৬ রুপি।

সেরাম মুখপাত্র বলেন, স্পুৎনিক টিকা তৈরি শুরুর আগ পর্যন্ত কোভিশিল্ড এবং কোভোভ্যাক্স তৈরিতেই তাদের পূর্ণ মনোযোগ থাকবে।

বিশ্বে টিকা উৎপাদনকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান সেরাম এখন ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান নোভাভ্যাক্স উদ্ভাবিত কোভোভ্যাক্স টিকাও তৈরি করছে।

করোনাভাইরাস মহামামীর মধ্যে সেরাম টিকার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। ভারত সরকার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় চুক্তি করেও বাংলাদেশসহ বিভিন্ন দেশকে টিকা দিতে পারছে না তারা।  

টিকার জন্য চাপ এড়াতে সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা ভারত ছেড়ে যুক্তরাজ্যে গিয়ে উঠেছেন।

তবে টিকার উৎপাদন বাড়ানোর কথাও জানিয়েছে সেরাম। এখন মাসে সাড়ে ৬ কোটি ডোজ টিকা তারা তৈরি করলেও জুন মাসে তা প্রায় ৯ কোটি ডোজে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।