স্পষ্ট করে বলতে চাই ভোট রাতে হবে না, দিনের ভোট দিনেই হবে: সিইসি
Tuesday, 24 May 2022
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন চায় সুন্দর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারা অব্যাহত থাকুক।
তিনি বলেন, “এখনও চেষ্টা করছি, চার কমিশনার ও আমি লক্ষ্যে পৌঁছে দায়িত্ব পালন করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি।”
গত নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনার জবাবে সিইসি বলেন, “ভোট তার নিয়মানুযায়ী হবে, দিনের ভোট দিনেই হবে। ভোট রাতে হবে না-এটা স্পষ্ট করে বলতে চাই। আমাদের উনি (ইসি আনিছুর মাদারীপুরে) স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে।”
তবে ইভিএম নিয়ে বিএনপি নেতাদের সমালোচনাকে ‘ইতিবাচকভাবেই দেখেন’ বলে জানান সিইসি।
মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ কার্যায়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীরের পাশাপাশি নির্বাচন কমিশনার আনিছুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শনিবার মাদারীপুরে গিয়ে ইভিএমকে ত্রুটিমুক্ত দাবি করে আনিছুর বলেন, “ইভিএমে ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন সিইসি।”
ওই বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার নিজের অবস্থান তুলে ধরেন সিইসি।
তিনি বলেন, “বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে- সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন- এটা উদ্ভট কথা। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না।
“এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। কেউ তার ভালোবাসা উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, ইভিএম যারা তৈরি করছেন তাদের মধ্যে কেউ বলেছেন। ওইভাবে কেউ একজন বলেছেন, ওখান থেকে জিনিসটা এসেছে।”
ওই বক্তব্য ‘নির্বাচন কমিশনের ভাষ্য নয়’ জানিয়ে করে হাবিবুল আউয়াল বলেন, “কোনোভাবে কমিশনের কোনো কর্মচারীও এ কথা বলেননি, কমিশনার তো দূরের কথা.. .বলতে পারেন না।”