logo

সৌদি আরামকোর পেট্রোলিয়াম সংরক্ষণাগারে হুতি হামলা, আগুন

এফই অনলাইন ডেস্ক | Saturday, 26 March 2022


সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, জেদ্দায় আরামকোর পেট্রলিয়াম পণ্যের বিতরণ কেন্দ্রে হামলা হয়েছে, এতে দুটি স্টোরেজ ট্যাংকে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ইয়েমেনের হুতি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগর তীরবর্তী জেদ্দার আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখা যাচ্ছিল।

এ বন্দরনগরীতেই রোববার ফর্মুলা ওয়ান মোটর রেসিং ‘সৌদি আরাবিয়ান গ্রান্ড প্রিক্স’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোট বাহিনী জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে সৌদি মালিকানাধীন এখবারিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারকৃত ফুটেজে আগুনের শিখা তখনও দেখা যাচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স।

সৌদির জ্বালানি মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব এই ‘নাশকতামূলক হামলার’ তীব্র নিন্দা জানাচ্ছে।

এ ধরনের হামলার ফলাফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন ঘটলে তার দায়দায়িত্ব সৌদি আরব বহন করবে না, মন্ত্রণালয়টির একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে তিনি এমনটি বলেছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ-র প্রতিবেদনে বলা হয়েছে।

এই হামলা সৌদি আরবের উৎপাদন ক্ষমতায় ও বিশ্ববাজারে দেশটির জ্বালানি সরবরাহের বাধ্যবাধকতায়    প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে তারা।

হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন দিয়ে সশস্ত্র করে তোলার জন্য মন্ত্রণালয়টি ইরানকে দায় দিয়েছে। অপরদিকে হুতিদের অস্ত্র দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।

এ হামলার বিষয়ে আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।