সোশাল মিডিয়ায় ‘অপপ্রচারকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ
এফই অনলাইন ডেস্ক | Thursday, 20 January 2022
সোশাল মিডিয়ায় ‘অপপ্রচারকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশসোশাল মিডিয়ায় কেউ ‘গুজব’ ছড়ালে বা ‘অপপ্রচার’ চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত কার্য অধিবেশন শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “সোশাল মিডিয়া যেমন প্রচারের একটি বড় ক্ষেত্র, তেমনি অপপ্রচারেরও একটি বড় ক্ষেত্র। গত সাত আট বছরের পরিসংখ্যানে দেখা যায়, দেশে যত দুর্ঘটনা ঘটেছে, গুজব রটেছে, রটানো হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেগুলোর প্রায় সবগুলোই সোশাল মিডিয়ার মাধ্যমে করা হয়েছে।
“জেলা প্রশাসকদের কাছে আমরা সেই বিষয়গুলোই তুলে ধরে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।”
মন্ত্রী বলেন, সোশাল মিডিয়া নিয়ে ডিসিদের সঙ্গে ‘ব্যাপক আলোচনা’ হয়েছে। বর্তমানে দেশে নয় থেকে সাড়ে নয় কোটি মানুষ সোশাল মিডিয়া ব্যবহার করে।
“অনেক সময় দেখা যায় নানা বিভ্রান্তিমূলক খবর পরিবেশন করে সেগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে স্থানীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। সারাদেশে বিশৃঙ্খলা তৈরি করা হয়। এসব বিষয়ে জেলা প্রশাসকরা সব সময় তৎপর থাকেন, ব্যবস্থা গ্রহণ করেন সেজন্য নির্দেশনা দিয়েছি।”
হাছান মাহমুদ বলেন, “আরেকটি বিষয় হচ্ছে সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে খবর প্রচার করতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে এখনও কোনো কোনো জায়গায় আইপি টিভির মাধ্যমে খবর প্রচার করা হচ্ছে। নিয়মিত সংবাদ বুলেটিন প্রচার করা হচ্ছে। ইউটিউব চ্যানেলের মাধ্যমেও সংবাদ বুলেটিন প্রচার করা হচ্ছে।”
এটি সম্প্রচার নীতিমালা অনুযায়ী করা যায় না জানিয়ে মন্ত্রী বলেন, “সম্প্রচার নীতিমালা আমাদের মন্ত্রিসভায় অনুমোদিত। আমরা জেলা প্রশাসকদের বলেছি, তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেন।”
কোভিড-১৯ মহামারীর জন্য দুই বছর বিরতির পর এবার ভেন্যু বদলে ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে। অন্যান্য বছর জেলা প্রশাসকদের অধিবেশনগুলো হয় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। বৃহস্পতিবাই সম্মেলন শেষ হচ্ছে ।