logo

সেপ্টেম্বরে অনেকটাই কমেছে করোনাভা্ইরাস সংক্রমণের গতি

Saturday, 2 October 2021


ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে বিপর্যস্ত জুলাই-অগাস্ট পেরিয়ে সেপ্টেম্বরে বাংলাদেশে করোনাভা্ইরাস সংক্রমণের গতি অনেকটাই কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত অগাস্ট মাসে যত রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছিল, সেপ্টেম্বরে তা পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে। রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই কমেছে প্রায় প্রায় ৮০ শতাংশ, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অগাস্টে মোট ২ লাখ ৫১ হাজার ২৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল, মারা গিয়েছিল ৫ হাজার ৫১০ জন।

সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা কমায় রোগী শনাক্ত হয়েছে ৫৫ হাজার ২৯৩ জন, আর মৃত্যু হয়েছে ১ হাজার ৩১৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছিল তার ১০ দিন পর ১৮ মার্চ।

গত বছরের শেষ দিকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ডেল্টা সংক্রমণের বিস্তারে এ বছরের এপ্রিল থেকে পরিস্থিতি পাল্টে যেতে থাকে।

এর মধ্যে জুলাই, অগাস্ট ভয়াবহ অবস্থা পার করে বাংলাদেশ।

২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট দুদিনই ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

সেপ্টেম্বর থেকে সংক্রমণের গতি কমে আসে। গত ২১ সেপ্টেম্বর সাড়ে ৫ মাস পর দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামে। তারপর থেকে তা স্থিতিশীলই রয়েছে।

টানা দুই সপ্তাহ দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে ধরে নেন বিশেষজ্ঞরা।