logo

সুন্দর এই দেশটিতে আসতে পেরে আমি ভীষণ খুশি, ঢাকায় পৌঁছে সানি লিওন

Saturday, 12 March 2022


ভিসার আবেদন বাতিল হয়েছে বলে জানা গেলেও ঢাকায় পৌঁছে গেছেন সানি লিওন নামে পরিচিত বলিউড অভিনেত্রী কারেনজিৎ কৌর ওয়েবার।

শনিবার বিকাল সাড়ে ৩টায় বিশেষ একটি ফ্লাইটে মুম্বাই থেকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলে বিমানবন্দরে কর্মরত পুলিশ বিশেষ শাখার কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জানতে চাইলে পুলিশের ডিআইজি (ইমিগ্রেশন) মো. মনিরুজ্জামান বলেন, “উনি (সানি) কিছুক্ষণ আগেই বাংলাদেশে পৌঁছেছেন। উনার পাসপোর্ট ও ভিসায় কোনো সমস্যা নেই।”

নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজেও বাংলাদেশে পৌঁছার খবর জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

বিকালের পর দুটি ছবি তিনি দিয়েছেন ফেইসবুকে। প্রথমটিতে লিখেছেন- ‘সুন্দর এই দেশটিতে আসতে পেরে আমি ভীষণ খুশি’। আরেক ছবিতে তার সঙ্গে গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকেও দেখা গেছে।

তবে তাপসের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গান বাংলার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সা‌নি লিও‌ন কোন কাজে ঢাকায় এসেছেন, তা তিনি জানেন না।

‘সোলজার’ নামে একটি বাংলাদেশি সিনেমার শুটিংয়ের জন্য সানি লিউন’র এবারের সফরের সূচি ছিল। সিনেমাটি প্রযোজনা করছে মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট।

সা‌নি লিও‌নর ঢাকায় আসার খব‌রে প্রযোজক সে‌লিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “আমা‌দের সি‌নেমার কা‌জে তি‌নি ঢাকায় আ‌সেন‌নি; কী কা‌জে এ‌সে‌ছেন তা আমার জানা নেই।”

এই সিনেমায় সানি লিওন’র শুটিংয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিও নিয়েছিল প্রযোজনা কর্তৃপক্ষ।

তবে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার ভিসা বাতিলের খবর জানান। এরপর শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘পরিচয় লুকিয়ে ভিসার আবেদন করায়’ সানি লিওনকে ঢাকায় আসার অনুমতি বাতিল করা হয়েছে।

‌সোলজার ছাড়া অন্য কোনো কা‌জে সা‌নি লিও‌ন ওয়ার্ক পার‌মিট পে‌য়ে‌ছেন কি না, তা জান‌তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণাল‌য়ের অতি‌রিক্ত স‌চিব মো. মিজান উল আলমের স‌ঙ্গে যোগা‌যোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়‌নি।