logo

সুগন্ধায় লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

Saturday, 25 December 2021


ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, শনিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন এ মামলা দায়ের করেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ঢাকা থেকে বরগুনার বেতাগী রওনা হওয়া লঞ্চটিতে শুক্রবার ভোরে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় আগুন লাগে। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। ইঞ্জিন রুম থেকে লঞ্চে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। মৃতদের মধ্যে ৩৩ জনের লাশ বরগুনায় দাফন করা হয়েছে।

এ ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যরা শনিবার সকালে আগুনে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চ পরিদর্শনে যায়। তিনতলা লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো রয়েছে।

এদিকে ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটি লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের একটি তালিকা তৈরি করেছে বলে জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন।

তিনি বলেন, “আপাতত একটি তালিকা তৈরি করা হয়েছে। চূড়ান্ত তালিকা বরগুনা জেলা প্রশাসন তৈরি করবে।”