logo

সিলেটে হরতালবিরোধী সমাবেশে হেফাজত কর্মীদের ঢিল, সংঘর্ষ  

Sunday, 28 March 2021


সিলেটে আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশের সময় হেফাজতে ইসলাম কর্মীরা ঢিল ছোড়ার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

হেফাজতের ডাকে হরতালের মধ্যে রোববার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে তালতলা এলাকা থেকে হরতালবিরোধী মিছিল বের করে।

মিছিলটি বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট ও জিন্দাবাজার ঘুরে সিটি পয়েন্টে গিয় শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে আওয়ামী লীগ।

সমাবেশ চলাকালে বন্দরবাজার করিম উল্লাহ মার্কেট এলাকা থেকে তাদের দিকে ঢিল ছোড়ে হেফাজত কর্মীরা। এ সময় ইট-পাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হন। এক পর্যায়ে হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, “হরতালের নামে হেফাজতের কর্মীরা ইট-পাটকেল ছুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। তাদের প্রতিহত করা হয়েছে।”

অতিরিক্ত উপ-কমিশনার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।