logo

সিরাজগঞ্জে ‘চলন্ত সিলিং ফ্যান মাথায় পড়ে’ স্কুলশিক্ষক  নিহত

Tuesday, 26 July 2022


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চলন্ত সিলিং ফ্যান ছিঁড়ে মাথায় পড়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

নিহত সামিনুল ইসলাম (৫০) উপজেলার ইডিএন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। উপজেলার নলকা ইউনিয়নের চকদাদরপাড়ার আজিজুল হকের ছেলে তিনি।

মঙ্গলবার ভোরে বাড়িতে তিনি মারা যান।

নিহত সামিনুলের চাচাত ভাই একই স্কুলের সহকারী শিক্ষক ওবায়দুল হক সুমন বলেন, ভোরে ফজরের নামাজ পড়ার পর বাইরে হাঁটাহাঁটি করে ঘরে ফেরেন সামিনুল। ঘরে ফিরে ফ্যান চালিয়ে বসে ছিলেন। জিআই তার দিয়ে ঝোলানো ফ্যানটি হঠাৎ করে মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরিবার এ বিষয়টি পুলিশের গোচরে নিতে চায়নি। দুপুরে ইডিএন উচ্চবিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, পুলিশ ঘটনা জেনেছে। তবে পরিবারের কেউ এ বিষয়ে পুলিশকে কিছু বলেনি।