সারা দেশে উচ্চগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ
এফই ডেস্ক | Friday, 15 October 2021
সারা দেশে উচ্চগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না মোবাইল ফোন গ্রাহকরা।
দেশের বিভিন্ন জেলা থেকে ইন্টারনেট গ্রাহকেরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে তারা মোবাইলে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট পাচ্ছেন না। তবে টু জি সেবা সচল রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দুদিন আগে কুমিল্লাসহ কয়েকটি জেলায় দুর্গা পূজার মণ্ডপ ও মন্দিরে হামলা-ভাংচুরের পর বুধবার থেকেই ছয় জেলায় উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।
শুক্রবার বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মোবাইল ফোন অপারেটদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে।
তারা বলছেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা পেয়েই শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রেখেছেন।
ওই টেলকো কর্মকর্তাদের একজন বলেছেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ রাখতে বলেছে বিটিআরসি।”
বিটিআরসির কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিষয়টি এড়িয়ে গেছেন।
শুক্রবার সকালে তিনি বলেন, “কারিগরি ক্রটির কারণেও এ সমস্যা হতে পারে, খুব দ্রুতই সমাধান হবে বলে আশা করি।”
দেশে সাড়ে ১৭ কোটি মোবাইল ফোন গ্রাহকের অর্ধেকের বেশি গ্রামীণফোনের সেবা নেন।
শুক্রবার সকালে গ্রামীণফোন গ্রাহকদের এসএমএস করে বলেছে, ‘বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।”
কুমিল্লায় বুধবার সকালে একটি মন্দিরে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগের ছবি-ভিডিও ফেইসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর মন্দিরে হামলা হয়, যা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
কুমিল্লায় নানুয়া দিঘীর পাড়ে একটি পূজামণ্ডপের ঘটনার সূত্রপাত হলেও বিকাল পর্যন্ত আরও কয়েকটি মন্দির ও মণ্ডপে হামলা হয়। চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, মৌলভীবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জসহ আরও কয়েকটি জেলায় একই ধরনের ঘটনা ঘটে।
বিষয়টি নজরে আসার পর সোশাল মিডিয়ায় ‘অপপ্রচার’ রোধে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার তিনি বলেছিলেন, ঘটনার পর থেকে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
“ইতোমধ্যে ১০০ এর বেশি ফেইসবুক লিংক বন্ধ করার সুপারিশ করা হয়েছে। আমরা আশা করছি, এগুলো বন্ধ হয়ে যাবে|”
‘অপ্রপ্রচারকারীরা’ যেন সুযোগ না পায়, সেজন্য কুমিল্লার ঘটনার পরপরই ওই এলাকার ইন্টারনেট গতিতে ‘নিয়ন্ত্রণ আনা হয়েছে’ বলে সেদিন তিনি জানিয়েছিলেন।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সর্বশেষ হিসাবে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১২ কোটি ছাড়িয়েছে; এর মধ্য ১১ কোটি ৫৪ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।