সাংবাদিক রিশাদ হুদাকে মারধর, সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে
Sunday, 21 November 2021
সাংবাদিক রিশাদ হুদাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা নাজিম আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।
আসামিপক্ষে আইনজীবী আসাদুজ্জামান খান রচিসহ কয়েকজন জামিন চান। আর বাদীপক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীরসহ অনেকে জামিন নাকচের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার বিকেলের শাহবাগ মোড়ে মারধরের ঘটনায় ধানমণ্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ সাংবাদিক রিশাদ বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে।
এজাহার অনুযায়ী, শনিবার বিকেল ৪টার দিকে রিশাদ নালারপাড় থেকে শাহবাগ মোড়ের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি প্রাডো গাড়ি সড়কের বাম দিকে সরে আসে। তিনি হর্ন দিলে গাড়ি থেকে নাজিমসহ দুজন নেমে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন এবং তার হেলমেট খুলে সেটি দিয়ে তাকে মারধর করেন। রিশাদের মটরসাইকেলের চাবিও নিয়ে নেন নাজিম।
পরে তাকে আজিজ সুপার মার্কেটে দোকান মালিক সমিতির অফিসে নিয়ে নাজিমের নির্দেশে কয়েকজন যুবক মারধর করেন এবং তার মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলেন।
মামলায় তার জীবননাশের হুমকি দেওয়ারও কথা বলা হয়েছে।
এ ঘটনায় নাজিম আহমেদ, তানভীর, ইউসুফ ও ইকবালের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অতর্কিতে হামলা ও মারধর করার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন রিশাদ হুদা।