logo

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত প্রধান বিচারপতি

এফই অনলাইন ডেস্ক | Thursday, 20 January 2022


প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসায় বুধবার ভর্তি হন প্রধান বিচারপতি। তার আগের দিন তার স্ত্রী ডালিয়া ফিরোজ হাসপাতালে ভর্তি হন।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারকের বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকেই হাই কোর্ট ও আপিল বিভাগের বিচারিক কাজ ভার্চুয়ালি শুরু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী।