সর্বদলীয় কমিটি গঠন করলে করোনা মোকাবিলা করা যাবে: ফখরুল
Friday, 9 April 2021
করোনাভাইরাসের দ্বিতীয় টেউ মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করতে ‘সর্বদলীয় কমিটি’গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই প্রস্তাব দেন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সংবাদ সম্মেলনে করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বাড়ানোসহ লকডাউনে নিম্নআয়ের মানুষের জন্য ভাতা ও ত্রাণের ব্যবস্থা করা, টিকা সংগ্রহ, বিভিন্ন ঘটনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, গণতন্ত্র পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘‘আমরা আবারো প্রস্তাব রাখছি, এখনো সময়ে আছে, সর্বদলীয় কমিটি গঠন করে, জনগণকে সম্পৃক্ত করে-তাহলেই শুধুমাত্র এই সমস্যার সমাধান করা যাবে।”
বিশাল এই চ্যালেঞ্জ জনগণের সম্পৃক্ততা ছাড়া মোকাবেলা করা সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, “রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, সকল স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংকট মোকাবেলার উদ্যোগ নেই। মানুষ বাঁচাই, দেশ বাঁচাই।”
মির্জা ফখরুল বলেন, ‘‘এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন, মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা। সরকারকে আহবান করব, প্রতিটি ইনফরম্যাল সেক্টারের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে।”
শিল্প কারখানার শ্রমিক, দোকানের কর্মীদের ভাতা দেওয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, যত দিন এই সমস্যা থাকবে বিশেষ করে লকডাউন থাকবে তাদেরকে ভাতা দিতে হবে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীলদের ত্রাণ দিতে হবে।
দিন মজুর ও অনানুষ্ঠানিক খাতে জড়িতরা কিভাবে চলবে তা জানতে চেয়ে তিনি আরও বলেন, “গতবারের অভিজ্ঞতা থেকে দেখেছি সরকার একটা প্রণোদনার ব্যবস্থা করেছিল, সেই প্রণোদনা কিন্তু সাধারণ মানুষের খুব বেশি উপকার হয়নি, বরঞ্চ দুর্নীতি বেশি হয়েছে।”
সবার জন্য টিকা নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বিশেষজ্ঞরা বলছেন হার্ড ইম্যুনিটির জন্য সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দিতে হবে। এ টিকার এখন পর্যন্ত কোনো সংস্থান হয় নাই। আমরা আজকে দেখলাম, চীন ও রাশিয়া থেকে সরকার টিকা আনার কথা ভাবছে। অথচ তা এই মুহূর্তে দরকার ছিল।”
এক বছর আগে থেকে এ উদ্যোগ না নেওয়ার সরকারের সমালোচনা করে তিনি বলেন, “একবছর ব্যস্ত থাকলেন বিভিন্ন বর্ষ উদযাপনে, বিভিন্ন রকম দৈনন্দিন কাজগুলো বিশেষ করে মেগা প্রজেক্ট, ডেভেলমেন্ট প্রজেক্ট সেগুলো নিয়ে।”
প্রয়োজনীয় টিকা সংগ্রহ ও বিতরণে দ্রুত রোডম্যাপ তৈরির পরামর্শ দেন তিনি।
করোনাভাইরাস আক্রান্তদের জন্য বিভিন্ন হাসপাতালে বেড ও আইসিইউ সংকট, পরীক্ষার অপ্রতুলতার জন্য সরকারের ‘ব্যর্থতা, উদাসীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনাকে’ দায়ি করেন বিএনপি মহাসচিব।