সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি, একটাও বাকি রাখিনি: সিইসি নূরুল হুদা
Sunday, 13 February 2022
বিদায়ের শেষ দিনের একদিন আগে রোববার নিজেদের মেয়াদের মূল্যায়ন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আলোচনা-সমালোচনা থাকলেও তারা সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নূরুল হুদা বলেন, “আমি মনে করি- আমি সাফল্যের সাথে কাজ করেছি। সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি। একটা নির্বাচনও বাকি রাখিনি। ১০ তারিখ যেটা ছিলে, সেটার সময় হয়েছিলে, সব নির্বাচন শেষ করে এবার আমরা পরিপূর্ণভাবে নির্বাচন শেষ করেছি।”
রোববার ঢাকার একটি হোটেলে নির্বাচন কমিশনের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা' খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচনে আলোচনা- সমালোচনা হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সিইসি বলেন, “আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পরিপূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কোন রকমের কারো কথায় না, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি। ”
“ভালো-মন্দ বলবে। এটা স্বাভাবিক, এ দেশের কালচারও স্বাভাবিক। আগেও বলেছে, এখনও বলছে; হয়ত ভবিষ্যতে বলবে না আশা করি।”