logo

সপ্তাহের প্রথম দিন সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

Sunday, 29 May 2022


সার্কিট ব্রেকারের সীমা কমানোসহ নানা উদ্যোগের পর সপ্তাহের প্রথম দিন সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ১৩১ দশমিক ৩৫ পয়েন্ট বা ২ দশমিক ১১ শতাংশ বেড়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এই বৃদ্ধি গত দুই মাস ২০ দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এর চেয়ে বেশি বেড়েছিল চলতি বছরের ৯ মার্চ। সেদিন সূচক বেড়েছিল ২ দশমিক ৪১ শতাংশ।

শেয়ার বিক্রির হিড়িকে গত ৯ মে থেকে ২২ মে আট লেনদেন দিবসে টানা সূচক পতন দেখেছে ডিএসই। সেই আট দিনে ডিএসই সূচক ৫৫৫ দশমিক ৪০ পয়েন্ট বা ৮ দশমিক ২৯ শতাংশ কমে যায়।

এরপর ২৩ মে ডিএসই সূচক ১১৯ পয়েন্ট বাড়লেও পরের দুই দিন সূচক কমে। এ প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার থেকে শেয়ার দর কমার সর্বোচ্চ সীমা আগের দিনের ক্লোজিং প্রাইসের ২ শতাংশে বেঁধে দেওয়া হয়। তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের ৯ মার্চ পুঁজিবাজারে পতন থামাতে নিম্নমুখী সার্কিট ব্রেকার ২ শতাংশ করা হয়েছিল। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে এরপর বাজার কিছুটা ভালো হলে তা ৫ শতাংশ করা হয়। এখন আবার তা ২ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে।

ঢাকার বাজারে এদিন ৮৩৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের দিন

এই পরিমাণ ছিল ৫৩৯ কোটি ১৩ লাখ।

ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে, এর মধ্যে ৩৪২টির দর বেড়েছে, ২৫টির কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৬ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ দশমিক ৭৪ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ৩৯ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৩৪৬ দশমিক ৯৪ পয়েন্ট।

রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২ শতাংশ।  

এ বাজারে ২৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৩০টির দর বেড়েছে, ৩৪টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম বেড়ে প্রধান সূচক সিএএসপিআই ৩৬৭ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৬৪৭ দশমিক ৮১ পয়েন্ট।

রোববার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮ কোটি ১০ লাখ টাকা বেড়ে ২১ কোটি ৭২ লাখ টাকা হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।