সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
এফই অনলাইন ডেস্ক | Wednesday, 22 June 2022
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তার দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়েছে, ২২ জুন বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
বরাবরের মতই রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।
আগামী শনিবার সকালে পদ্মা নদীর ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মাসেতুর উদ্বোধন করবেন শেখ হাসিনা। সেদিন উৎসব হবে সারা দেশে।
এদিকে টানা বৃষ্টি আর প্রবণ বর্ষণে সিলেট, সুনামঞ্জসহ দেশের বেশ কিছু এলাকায় চলছে বন্যা। বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে মঙ্গলবার সিলেটে যান প্রধানমন্ত্রী।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জের বন্যার খবর নিয়মিত রাখছেন তিনি এবং পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তার সরকারের রয়েছে।