logo

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, লাশের খোঁজে তল্লাশি দ্বিতীয় দিনে

এফই অনলাইন ডেস্ক | Monday, 21 March 2022


নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি ৫৫ হাত পানির নিচ থেকে টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লঞ্চটি টেনে তুলে বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে আলামিননগর এলাকায় রাখা হয় বলে বিআইডব্লিউটিএ এর উপপরিচালক মিজানুর রহমান জানান।

লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে নতুন করে কোনো লাশ মেলেনি জানিয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, “এখনো চারজন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা নাম লিখিয়েছেন। লঞ্চ উদ্ধার অভিযান সমাপ্ত হলেও নদীতে তল্লাশি চালানো হচ্ছে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, “লঞ্চ উদ্ধারের পর ভেতরে তল্লাশি চালানো হয়েছে, কোনো লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্রোতের কারণে লাশ চলে যেতে পারে। মরদেহের খোঁজে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত আছে।”

রোববার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ পেছন থেকে চাপা দিলে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এম এল আশরাফ উদ্দিন-২।

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী লঞ্চে সে সময় অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে নৌপুলিশের ভাষ্য। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকেন বেশ কয়েকজন। সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে দুই শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় পালিয়ে যাওয়া জাহাজ রূপসী-৯ এবং এর মাস্টারকে মুন্সীগঞ্জের হোসেনদি এলাকা থেকে আটক করে নৌ-পুলিশ।