শীত বাড়লেই কমে যায় পানি পান - যে সমস্যাগুলো হতে পারে
মোঃ ওমর ফারুক তপু | Saturday, 22 January 2022
গলা শুকিয়ে না গেলে পানি পান করার কথা মনে থাকে না অনেকেরই। তাইতো শীতে পানি পান করার কথা একদমই ভুলে যাবার উপক্রম হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আবার অনেকের মনে থাকলেও পানি পান করতে যেন মনই চায় না।
আর যখনই শীত একটু জেঁকে বসে, চা, কফি পানের পরিমাণ বাড়লেও শীতে মারাত্মকভাবে পানি পান করার পরিমাণ কমে যায়। আর এ কারণেই পানিশূন্যতা, বদহজমের মতো নানা সমস্যার প্রকটতা দেখা যায় শীতকালে।
শীতকালে শরীরের তরল পদার্থ হ্রাস পায়, তাই এসময় বেশি পানি পান করা উচিৎ। শুধু তা-ই নয়, ঠান্ডার সময় চা, কফি জাতীয় পানীয় বেশি পান করাও উচিৎ না। এগুলো শরীরে পানির পরিমাণ আরো কমিয়ে দিতে পারে।
তাছাড়া শীতকালে ত্বক যেমন তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়, ঠিক তেমনি শরীরও তাড়াতাড়ি আর্দ্রতা হারায়। আর এ কারণেই পানি কিছুটা কম খাওয়া হলেই নানারকম শারীরিক সমস্যা দেখা দেয়।
তাই পানির পাশাপাশি শসা, টমেটোর মতো সবজিও শীতকালে বেশি খাওয়া যেতে পারে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরের পানির ঘাটতি পূরণে সহায়তা করে।
শীতকালে পানি কম পান করলে শরীরে নানাবিধ জটিল সমস্যা দেখা দিতে পারে। পরিমিত পানি পান না করার দরুণ অনেকের প্রচন্ড মাথাব্যাথা হতে দেখা যায়। এর কারণ হলো, শরীরের মতো মস্তিষ্কেও পানি পান না করার ফলে পানিশূন্যতা সৃষ্টি হয়।
যথেষ্ট পানি পান না করার ফলে ক্রনিক ফ্যাটিগ সিন্ড্রোম দেখা দেয়, যা হতাশা বৃদ্ধির কারণ।
শীতে পানি পান না করার ফলে সহজেই শরীর শুষ্ক হয়ে যায়, যার দরুন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সৃষ্টি হতে পারে।
শীতকালে পানি কম পান করায় শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। পানি ফুসফুসকে আর্দ্র রাখতে সাহায্য করে আর কম পানি পান করায় ফুসফুস শুষ্ক হয়ে পড়ে, যে কারণে শ্বাসকষ্ট তীব্র হয়ে উঠে।
পানির সাহায্যে কিডনি শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন ইউরিক এসিড, ইউরিয়া, অ্যামোনিয়া, ল্যাস্টিক এসিড নির্গত করে। কিন্তু পানি কম পান করার ফলে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। যার ফলে এসব বর্জ্য পদার্থ শরীরকে ক্ষতিগ্রস্ত করে।
শীতকালে পানি কম পান করার ফলে অনেকের কর্মক্ষমতা কমে আসে। পানি শরীরকে সতেজ রেখে কর্মক্ষমতা বাড়ায়। কিন্তু পানির অভাবে শরীর ভেতর থেকে শুকিয়ে আসে, যার কারণে শরীর অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ে।
প্রয়োজনের তুলনায় কম পানি পান করার ফলে অনেকের ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। এতে ত্বকের আর্দ্রতা কমিয়ে ত্বক খসখসে করে তুলতে পারে।
আবার পানি কম পান করার ফলে অনেকের বেশি ক্ষুধা লাগে, তাই পরিমাণে বেশি খায়। আর এ কারণে অনেকের ওজন বেড়ে যায়।
এছাড়াও অনেকে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগেন। পর্যাপ্ত পানি পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
মোঃ ওমর ফারুক তপু বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন।
jafinhasan03@gmail.com