শাহজাহানপুরের জোড়া খুন: একজন গ্রেপ্তার
এফই অনলাইন ডেস্ক | Sunday, 27 March 2022
রাজধানীর শাহজাহানপুরের রাস্তায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় মাসুম মোহাম্মাদ আকাশ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে তার বিস্তারিত পরিচয় কিংবা কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে- সেসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজনের গ্রেপ্তারের বিষয়ে জেনেছি। দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
এর আগে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়, টিপু হত্যা মামলার তদন্তের ‘সর্বশেষ আপডেট’ নিয়ে দুপুরে ব্রিফিং হবে।
ঢাকার শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। তার মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে গুলি ছোড়ে হেলমেটধারী আততায়ী।
ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়ি চালক মুন্না।
মাত্র মিনিটখানেকের মধ্যে কাজ সেরে হামলাকারী সড়ক বিভাজক টপকে গুলি করতে করতে রাস্তার অন্য পাশে অপেক্ষায় থাকা একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।
এ ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারজানা ইসলাম ডলি শুক্রবার সকালে শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
টিপু প্রায় এক দশক আগে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি ছিলেন। ৪-৫দিন আগে ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন তার স্ত্রী।