শহীদজায়া মুশতারী শফীর জীবনাবসান
Monday, 20 December 2021
মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনের অন্যতম নেতা শহীদজায়া বেগম মুশতারী শফী আর নেই।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।
মুশতারী শফীর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সাত ছেলে-মেয়ে রেখে গেছেন।
মুশতারী শফী বেশ কিছুদিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জানিয়ে ছেলে মেহরাজ তাহসীন শফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আজ বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।”
মুশতারী শফী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজণিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
তার মরদেহ মঙ্গলবার চট্টগ্রামে নিয়ে সেখানেই দাফন করা হবে বলে তাহসীন শফী জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।