logo

লেখকপাড়ায় বাড়ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণা

পড়ালেখার পাশাপাশি বই লেখেন যারা


তানজিম হাসান পাটোয়ারী | Tuesday, 8 March 2022


বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২২। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় ২ সপ্তাহ পিছিয়ে ১৫ তারিখ থেকে অনুষ্ঠিতে হচ্ছে এবারের আয়োজন। প্রাণের মেলা এবার চলবে ১৭ মার্চ পর্যন্ত।

এবারের বইমেলায় জনপ্রিয় প্রবীণ লেখকদের সাথে সাথে বেড়েছে নবীন লেখকদের বইয়ের বিক্রিও। নবীন লেখকদের বইও পাচ্ছে উল্লেখযোগ্য বিক্রি, প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন বইয়ের তালিকা।

ছাত্রজীবনেই লেখালেখির জগতে পা দেয়া এরকম কয়েকজন তরুণ লেখকের সাথে কথা হয়, জানা যায় তাদের লেখালেখিতে আসবার অনুপ্রেরণা আর অধ্যবসায়ের গল্প।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র শাহরিয়ার জাওয়াদ। তার লেখা উপন্যাস শৈলবালা  এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে জ্ঞানকোষ প্রকাশনী থেকে।

কীভাবে শুরু হয়েছিল লেখালেখির জগতে পদচারণা? জাওয়াদ বলেন, “ছোটবেলা থেকেই বই পড়তে ভালো লাগতো। আর তখন থেকেই মনস্থির করেছি নিজেও একদিন বই লিখব। আর সে ইচ্ছা থেকেই লেখালেখির জগতে আসা”

 ২০২১ সালের বইমেলাতেও বই বের করছিলেন জাওয়াদ। জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত ঐ সায়েন্স ফিকশন বইটির নাম ছিল গ্রাফিতিরা জেগে রয়। প্রথম বই থেকে পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পেয়ে এবারের বই মেলাতেও বই বের করার আগ্রহ খুঁজে পেয়েছেন বলে জানান তিনি।

নবীন লেখকদের বই প্রকাশের সময় প্রকাশনী খুঁজে পেতে বেশ কাঠখড় পোহাতে হয় বলে জানান জাওয়াদ। তবে অপেক্ষাকৃত পরিচিত প্রকাশনী থেকে বই বের করলে তা পাঠকের কাছে সহজে পৌঁছাতে পারে বলে জাওয়াদের ধারণা।

“আমার প্রথম বইটিও যেহেতু জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল তাই এবারের বইমেলাতেও এই প্রকাশনী থেকে বই বের করার কাজটি কিছুটা সহজ হয়ে গিয়েছিল,” বলেন জাওয়াদ।

লেখালেখিকে পড়ালেখার পাশাপাশি কতদূর এগিয়ে নিতে চান জাওয়াদ?

“যেহেতু মানসিক তৃপ্তির জায়গা থেকে লেখালেখি করি, তাই আশা করি এটি অব্যাহত রাখব। কারণ লেখালেখির সূচনা হয় মনের ভালো লাগার জায়গা থেকে। লেখক যখন একবার সে ভালো লাগাটিকে খুঁজে পান তখন আর তার লেখালেখির পথে কোনো অন্তরায় থাকে না।”

জাওয়াদের উপন্যাস শৈলবালা একটি প্রেমের উপন্যাস। রাজকুমারী শৈলবালা ও একজন সাহসী যোদ্ধার ভালোবাসার পথে প্রতিকূলতা ও রোমাঞ্চ নিয়ে এগিয়েছে বইটির কাহিনীপট।

এবারের বই মেলায় বই প্রকাশ করা আরো এক তরুণ লেখক মাহবুব এ রহমান। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়ছেন। এবারে বইমেলায় প্রকাশিত হয়েছে ভূত স্যার যখন বিজ্ঞান ক্লাসে নামক তার শিশুতোষ গল্পের বই। অক্ষরবৃত্ত প্রকাশনী বইটি প্রকাশ করেছে।

“বরাবরই শিশুদের ভৌতিক বিষয়ের দিকে আগ্রহ লক্ষ্য করেছি। শিশুরা যাতে আনন্দের ছলে এ বইটি পড়তে পারে সে বিষয়টিকে প্রাধান্য দিয়ে বইটি লিখেছি,” বলছিলেন মাহবুব।

পড়ালেখার পাশাপাশি লেখালেখিতে কতটুকু সময় দেওয়া হয় জানতে চাইলে তিনি বলেন, “লেখালেখি আমার কাছে মানসিক তুষ্টির একটি বিষয়। পড়ালেখার পাশাপাশি যখনই সময় পাই তখনই শিশুতোষ বিষয়গুলো নিয়ে লিখতে ভালো লাগে। লেখালেখি ভালোবাসি বলেই পড়াশোনার ফাঁকে সময় বের করে আনি, সব কাজের মাঝে একটা ভারসাম্য নিয়ে আসতে পারি।”

বইমেলায় এবার এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র আফনান আহমেদ রাশেদের বই মীরাক্কেল এক্সপ্রেস। শিখা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে আছে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘জি বাংলায়’ অনুষ্ঠিত জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল- আক্কেল চ্যালেঞ্জার’ সম্পর্কিত বিভিন্ন বিষয়।

উল্লেখ্য, তিনি নিজেই মীরাক্কেল সিজন ১০-এ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন এবং এটিই তার বই লেখার পেছনে অনুপ্রেরণা।

“বাংলাদেশ থেকে আমার কলকাতার যাত্রাটি কেমন ছিল, সেখানে অংশগ্রহণ করতে আমাকে কী কী করতে হয়েছিল, আমার চোখে মীরদাদা (অনুষ্ঠানটির সঞ্চালক) - ইত্যাদি বিষয় বর্ণনা করেছি এতে।”

২০০৬ সালে শুরু হওয়ার পর থেকেই মীরাক্কেল অনুষ্ঠানটি দুই বাংলাতেই জনপ্রিয়তা পায়। বর্তমানে প্রায় প্রতিটি সিজনেই বাংলাদেশ থেকে অনেক প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেন। অনেকে প্রথমদিকে বুঝতে পারেন না কীভাবে সেখানে অংশগ্রহণ করতে হয়। বইটিতে রাশেদ সেই ধাপগুলো বর্ণনা করেছেন আগ্রহীদের সুবিধার কথা ভেবে।

তানজিম হাসান পাটোয়ারী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন।

tanjimhasan001@gmail.com