লঞ্চে আগুন: নিহতদের পরিবারকে সহায়তার ঘোষণা
এফই অনলাইন ডেস্ক | Friday, 24 December 2021
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ সৎকারে প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে বরগুনা জেলা প্রশাসন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
জেলা প্রশাসক হাবিবুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেহেতু লঞ্চটি বরগুনায় আসছিল, নিহত ও আহতদের অধিকাংশ এ জেলার বাসিন্দা হবেন।
”নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর আহতদেরকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা আমরা জেলা প্রশাসন থেকে দেব।”
গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৭ জন নিহতের খবর পাওয়া গেছে।
এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও বহু যাত্রী। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ও দগ্ধ অবস্থায় অন্তত ৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের শিকার লঞ্চ থেকে লাফিয়ে পড়ে সস্ত্রীক প্রাণে বেঁচেছেন বরগুনার পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। পা ভেঙ্গে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার স্ত্রী।