logo

রোজিনার মামলায় ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ তদন্তের আশ্বাস ডিবির

এফই ডেস্ক | Thursday, 20 May 2021


সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা অফিসিয়াল সিক্রেটস আইনের মামলার তদন্ত ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ হবে বলে আশ্বাস দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, এ মামলা নিয়ে তাদের ওপর কোনো ‘চাপ নেই’।

“মামালাটি সবেমাত্র পেয়েছি এবং তদন্ত কাজ শুরু করেছি, এখন বিস্তারিত বলার সময় আসেনি। এটুকু বলতে পারি মামলাটার সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দরভাবে তদন্ত হবে।”

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়।

পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। বুধবার মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।

রোজিনা ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘অনিয়ম-দুর্নীতি’ নিয়ে প্রতিবেদন করায় তাকে ‘হয়রানি’ করা হচ্ছে ব্রিটিশ আমলের এক আইন ব্যবহার করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গোয়েন্দা কর্মকর্তা আজিজুল হক বলেন, “আমরা মামলার তদন্ত করি ফ্যাক্ট অ্যান্ড ইস্যু নিয়ে। এজাহার হল ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, ওখানে যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো নিয়ে।”

মামলার তদন্ত তার ‘স্বাভাবিক গতিতে’ চলবে জানিয়ে তিনি বলেন, “ঘটনা সত্য হলে প্রমাণিত হবে। আর সত্য না হলে... এখানে চাপের কোনো বিষয় না।”

সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ রোজিনাকে রিমান্ডে নেওয়ার আবেদন করলেও মঙ্গলবার ঢাকার একটি আদালত তা খারিজ করে দেয়।