logo

রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সামরিক বহর যাচ্ছে কিয়েভের দিকে

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 1 March 2022


রাশিয়ার স্থল বাহিনীর ৪০ মাইল লম্বা একটি বহর ট্যাঙ্কসহ ইউক্রেইনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি কোম্পানি জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে গ্রহণ করা নতুন ছবির ভিত্তিতে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস জানায়, আগের প্রতিবেদনগুলোতে ওই সাঁজোয়া বহর ১৭ মাইল দীর্ঘ বলা হলেও সেটি ঠিক ছিল না, ওই বহরটি আসলে প্রায় ৪০ মাইল দীর্ঘ।

ওই বহরটিতে কয়েকশ সামরিক যান রয়েছে এবং তারা ইউক্রেইনের রাজধানীর উত্তরে ইভানকিভ শহরের কাছাকাছি আছে বলে জানিয়েছে ম্যাক্সার।

হোয়াইট হাউস রাশিয়ার এই সামরিক বহরটিকে নিবিড় নজরদারিতে রেখেছে বলে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, এত বড় সামরিক বহর নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তারা, পাশাপাশি সহিংসতা বৃদ্ধি, বেসামরিক হতাহত এবং নির্বিচার হত্যা নিয়েও তারা উদ্বিগ্ন।

রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেইনীয়দের প্রবল প্রতিরোধে বিস্মিত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেইনীয়দের জন্য পরিস্থিতি এখন ‘আরও বেশি চ্যালেঞ্জিং হবে’ বলে আশঙ্কা তাদের। রাশিয়ার সেনাদের অপ্রতিরোধ্য ঢেউ এগিয়ে আসছে বলে সতর্ক করেছেন তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনকে অবিলম্বে ৩৫ কোটি ডলারের প্রতিরক্ষা সহায়তা দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে নির্দেশ দিয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যখন কিয়েভে সরাসরি উড়ে যাওয়া যেত তখন প্রতিরক্ষা সহায়তা দেওয়া যত সহজ ছিল এখন আর পরিস্থিতি তেমনটি নেই।

বিবিসি জানিয়েছে, ম্যাক্সারের প্রকাশ করা নতুন আরও কিছু ছবিতে বেলারুশের দক্ষিণাঞ্চলে ইউক্রেইনের সীমান্তের ২০ মাইলের মধ্যে স্থল বাহিনী ও অ্যাটাক হেলিকপ্টার দেখা গেছে।