রাশিয়ার আগ্রাসনের তথ্যচিত্র ধারণ করতে ইউক্রেইনে শন পেন
এফই অনলাইন ডেস্ক | Friday, 25 February 2022
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তথ্যচিত্র ধারণ করছেন অস্কারজয়ী অভিনেতা শন পেন। আর সেজন্য যুদ্ধের চূড়ান্ত ঝুঁকির মধ্যেই ইউক্রেনে অবস্থান করছেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ভাইস স্টুডিওজের বরাতে এ তথ্য জানিয়েছে বিনোদন বিষয়ক সংবাদ মাধ্যম ভ্যারাইটি। তাদের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার কিয়েভে একটি সরকারি সংবাদ ব্রিফিংয়ে শন পেনকে উপস্থিত থাকতে দেখা যায়।
ভাইস ওয়ার্ল্ড নিউজ ও এনডেভার কনটেন্টের সহযোগিতায় ভাইস স্টুডিও এই তথ্যচিত্র প্রযোজনা করছে।
এর আগে গত নভেম্বরে ইউক্রেইন সফর করেন শন পেন। সে সময় তিনি সামরিক বাহিনীর সঙ্গে তথ্যচিত্র ধারণের প্রস্তুতি শেষ করেন বলে জানিয়েছে ভ্যারাইটি। ইউক্রেইনের জয়েন্ট ফোর্সেস অপারেশন প্রেস সার্ভিস পেনের নভেম্বরের সফরের আলোকচিত্রও প্রকাশ করেছে।
নিউজইউক তাদের প্রতিবেদনে জানিয়েছে, এ সপ্তাহে ইউক্রেইনে পৌঁছানোর পর পেন প্রেসিডেন্টের কার্যালয়েও গেছেন। উপপ্রধানমন্ত্রী ইরিনা ভারেশচুকের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এছাড়া স্থানীয় সাংবাদিক এবং সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গেও দেখা করেন তিনি।
অস্কারজয়ী এই অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতার প্রশংসা করে প্রেসিডেন্টের দপ্তরের একটি বিবৃতি ইউক্রেইনের দূতাবাসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।