রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে আরও ১৪ মৃত্য
এফই ডেস্ক | Friday, 25 June 2021
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে পাঁচজনের করোনাভাইরাস পজেটিভ ছিল এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় মারা যাওয়া ছয়জন রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের চারজন, নাটোরের একজন ও নওগাঁর তিনজন।
মারা যাওয়াদের সাতজন পুরুষ ও সাতজন নারী। এদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন।
শামীম বলেন, এ নিয়ে চলতি মাসের গত ২৫ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ২৫ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের কোভিড ইউনিটে মারা গেলেন ২৭৪ জন। এর মধ্যে রাজশাহীর ১২৭ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জন। এর আগে সবচেয়ে বেশী মারা যায় ২৪ ও ১৮ জুন। আর সবচেয়ে কম ১২ জুন চারজন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের পাঁচ, নওগাঁর ছয়, পাবনার একজন ও কুষ্টিয়ায় একজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৪২৩ জন। বাকিদের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেড তৈরি করে রাখার ব্যবস্থা করা হয়েছে।
এর মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার আটজন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার দুইজন, দিনাজপুরের একজন ও ঢাকার একজন রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ২০ জন।
শামীম বলেন, রাজশাহীতে ৩০ শতাংশের নিচে নেমে এসেছে করোনাভাইরাস শনাক্তের হার। প্রায় তিন সপ্তাহ ধরে শনাক্তের হার ৩০ থেকে ৫০ এর ঘরে ছিল। যা বেড়ে সর্বোচ্চ ৬১ শতাংশের উপরে উঠে। তিন সপ্তাহের চলমান লকডাউনের মধ্যে গত পাঁচদিন থেকে কমতে শুরু করে।
বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪০০ নমুনা পরীক্ষা করে ১১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ। যা আগের দিন ছিল ৩৩ দশমিক ৯৫ শতাংশ। এর আগের মঙ্গলবার ৩৩ দশমিক ০৫ শতাংশ এবং সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ।
বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক ল্যাবে ৫৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৮০ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে বলে হাসপাতাল পরিচালক জানান।
রাজশাহী ছাড়াও নওগাঁর ১৬০ নমুনার মধ্যে পজেটিভ এসেছে ৬১ জনের। শনাক্তের হার ৩৮ দশমিক ১৩ শতাংশ। এছাড়াও বিদেশগামী আটজনের নমুনা পরীক্ষা করে একজনের পজেটিভ এসেছে।
গত ঈদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলে গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। এরপর গত ১৬ জুন সেটি আরেক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়।
বুধবার তা আরেক দফা বাড়িয়ে আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়েছে।