রাঙামাটির সব পর্যটনকেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা
Wednesday, 31 March 2021
করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাঙামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণে’ আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা থেকে দুই সপ্তাহের জন্য এই বন্ধের ঘোষণা আসে। তবে পরিস্থিতি বিবেচনায় সময় আরও বাড়তে পারে বলেও আভাস দেওয়া হয়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
একইসাথে এ সভায় প্রতিদিন রাত ৮টায় জেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ, গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন, হোটেল-মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান, আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়।
সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান মহসিন, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি, গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।