রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড
এফই অনলাইন ডেস্ক | Monday, 20 December 2021
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।
জেলার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে আগুন লাগার খবর পান তারা।
তাদের ছয়টি ইউনিট দ্রুত সেখানে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। কেউ এ ঘটনায় হতাহত হননি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তবে চতুর্থ তলার সাত নম্বর ওয়ার্ড থেকে বেলা ১১টার দিকেও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। আতঙ্কিত স্বজনরা ভিড় করে ছিলেন ওই ভবনের নিচে।
হাসপাতালের সিনিয়র নার্স শামীমা পারভিন বলেন, “আমরা রোগীদের ওষুধ দিচ্ছিলাম। এ সময় পূর্ব পাশের ব্যালকনির দিক থেকে আগন আর ধোঁয়া দেখতে পাই।”
আগুন লাগার পর মেডিকেলের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।