logo

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে এখনও হুমকি দেখছে মার্কিনিরা: জরিপ

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 4 January 2022


যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গা-সহিংসতার এক বছর পূর্তি হতে চলল। মার্কিনিরা ভুলতে পারেনি সেদিনকার সেই দাঙ্গার ঘটনা। দেশের গণতন্ত্রে এখনও সহিংসতার হুমকি আছে বলেই মনে করেন বেশিরভাগ আমেরিকান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার সিবিএস নিউজের এক জরিপে বেরিয়ে এসেছে এমন তথ্য। দেখা গেছে, গণতন্ত্র নিয়ে মার্কিন নাগরিকরা এখনও গভীরভাবে উদ্বিগ্ন। ক্যাপিটলে হামলার বর্ষপূর্তির আগে দিয়ে সামনে এল এই জরিপ।

এতে অংশ নেওয়া ৬৬ শতাংশ মার্কিনিই বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র হুমকির সম্মুখীন’ বলে মত দিয়েছে। তারা ক্যাপিটলের দাঙ্গার ঘটনাকে কোনও বিচ্ছন্ন ঘটনা নয় বরং ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার লক্ষণ বলেই মনে করে। আর গণতন্ত্র নিরাপদ আছে বলে মনে করেন মাত্র ৩৩ শতাংশ মার্কিনি।

গত বছর ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের যৌথ অধিবেশনে ডেমোক্র্যাট জো বাইডেনের নির্বাচনে জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান দলের পরাজিত ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা ভবনটিতে হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত পাঁচ জন নিহত হন।

ট্রাম্প-সমর্থকদের নজিরবিহীন ওই তাণ্ডবে হতভম্ব হয় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ। এই হামলাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর বড় ধরনের আঘাত বলে বর্ণনা করেন অনেকেই।

রোববার প্রকাশিত আরও দুটি জরিপের ফলে দেখা গেছে, ক্যাপিটলের ওই হামলার একবছরের মাথায় এসে প্রায় এক-তৃতীয়াংশ আমেরিকানই মনে করছে, পরিস্থিতির বিচারে সরকারের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেওয়া কিংবা শক্তিপ্রয়োগ করা কখনও কখনও ন্যায়সংগত হতে পারে। সহিংসতাকে ন্যায্য মনে করা মানুষের সংখ্যা কয়েক দশকের মধ্যে এবারই এত বেশি দেখা যাচ্ছে।

সিবিএস জরিপ অনুযায়ী, ২৮ শতাংশ মার্কিনিই মনে করেন নির্বাচনের ফল রক্ষা করতে শক্তিপ্রয়োগ করা যেতে পারে। আর ৩৪ শতাংশ মার্কিনি কখনও কখনও সরকারের বিরুদ্ধে সহিংস পদক্ষেপকে ন্যায়সংগত বলে মনে করেন।

সিবিএস জরিপে আরও দেখা গেছে, গত বছর জানুয়ারিতে ক্যাপিটেলের দাঙ্গা সমর্থন করেছিলেন ১৩ শতাংশ মানুষ। আর এখন সেই দাঙ্গা সমর্থন করছেন ১৭ শতাংশ মানুষ। আবার গত বছর জানুয়ারিতে যেখানে দাঙ্গার ঘটনা অপছন্দ করেছিলেন ৮৭ শতাংশ মানুষ, সেখানে এখন ওই ঘটনা অপছন্দ করছেন ৮৩ শতাংশ মানুষ।

‘ওয়াশিংটন পোস্ট’ এবং ‘ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড’ এর যৌথ এক জরিপে দেখা গেছে, নিজ দেশের গণতন্ত্র নিয়ে গর্ব করা মার্কিনির সংখ্যা অনেকটাই কমে গেছে। ২০০২ সালে ৯০ শতাংশ আমেরিকান দেশের গণতন্ত্র নিয়ে গর্বিত ছিলেন। এখন তা কমে ৫৪ শতাংশে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে নির্বাচনগুলোতে কি আশা করা যায়? এমন প্রশ্নে জরিপে দেখা গেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যারা হারবে তারাও একইভাবে সহিংস হয়ে উঠবে বলে মনে করেন ৬২% মার্কিনি। আর হেরে যাওয়া দল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে এমন মনে করেন মাত্র ৩৮ শতাংশ মার্কিনি।