যুক্তরাষ্ট্রে অ্যামাজনের গুদামের ছাদ আংশিক ধসে বহু মানুষ আটকা
Saturday, 11 December 2021
যুক্তরাষ্ট্রের সেইন্ট লুয়িস শহরের কাছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের একটি গুদামের ছাদ আংশিক ধসে বহু লোক আটকা পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ খবর জানিয়েছে।
শুক্রবার রাতে ওই এলাকা দিয়ে টর্নেডো ও প্রবল ঝড় বয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলিন্সভিল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এটিকে একটি ‘ব্যাপক হতাহতের ঘটনা’ বলে উল্লেখ করেছে। ইলিনয় রাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহর এডওয়ার্ডসভিলের এই গুদামটিতে বহু লোক আটকা পড়েছে বলে জানিয়েছে তারা।
এক ফেইসবুক পোস্টে এজেন্সিটি এসব কথা জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি এবং কতোজন আহত বা নিহত হয়েছে সে বিষয়েও কিছু বলেনি।
জরুরি বিভাগের গাড়িগুলো ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।
অ্যামাজনের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের কোম্পানি পরিস্থিতি যাচাই ও স্থাপনাটির ক্ষতি নিরূপণে কাজ করছে।
ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে থাকা সারা বিয়ারম্যান জানান, তার স্বামী ওই গুদামে কাজ করে এবং তার জন্য তিনি খুব উদ্বিগ্নবোধ করছেন।
“আজ রাত ৮টার দিকে আমি তার সঙ্গে কথা বলেছি, সে তখন ভ্যান নিয়ে গুদামে ফিরছিল,” বলেন তিনি।
“তারপর থেকে ওর সঙ্গে আর আমার কথা হয়নি। খবরে এ ঘটনার কথা শুনি, তারপর বিদ্যুৎ চলে যাওয়ায় কী হচ্ছে তা দেখার জন্য এখানে চলে আসার সিদ্ধান্ত নেই। ভবনটির অবস্থা এত খারাপ দেখবো ধারণাও করিনি। এখন দুশ্চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছি।”
এক টুইটে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার জানিয়েছেন, তিনি এডওয়ার্ডসভিলের আটকা পড়া লোকজনের জন্য প্রার্থনা করছেন এবং শহরটির মেয়রের সঙ্গে কথা বলে রাজ্য পর্যায় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুক্রবার রাতে আরকানস, টেনেসি, মিজৌরি ও ইলিনয় রাজ্যের বিভিন্ন এলাকায় টর্নেডো সতর্কতা জারি করেছিল।
বিবিসি জানিয়েছে, টর্নেডোয় আরকানসর একটি নার্সিং হোমে একজনের মৃত্যু হয়েছে এবং কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে কেনটাকি রাজ্য পুলিশ ‘প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে’ বলে জানিয়েছে।