মেয়ার্সের ইতিহাস গড়া ইনিংসে মহাকব্যিক জয় পেল ওয়েস্ট ইন্ডিজ
Sunday, 7 February 2021
মিড অনে বল পাঠিয়ে দ্রুত একটি রান। এরপর ব্যাট উঁচিয়ে বাতাসে ছোঁড়া। উদযাপন বলতে এইটুকুই। কাইল মেয়ার্সকে দেখে বোঝার উপায় নেই, কী কাণ্ড তিনি ঘটিয়ে ফেলেছেন! মুখে হাসি অবশ্য আছে। সেই হাসিতেই খুঁজে নেওয়া যায় ইতিহাস গড়ার প্রতিচ্ছবি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ গড়ের ব্যাটসম্যান টেস্ট অভিষেকে রেকর্ডের মালা গেঁথে উপহার দিলেন অসাধারণ এক ডাবল সেঞ্চুরি। অবিশ্বাস্য রান তাড়ায় বাংলাদেশের আশা গুঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ পেল মহাকব্যিক জয়।
ক্রিকেট তার যাবতীয় অনিশ্চয়তা, রোমাঞ্চ আর রঙ মেলে ধরল চট্টগ্রাম টেস্টের শেষ দিনে। প্রথম চার দিন ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও শেষ দিনে পাত্তা পেল না বাংলাদেশ। ৩ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল সিরিজে। খবর বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের।
২১০ রানের অপরাজিত ইনিংসে ক্যারিবিয়ানদের এই রূপকথাময় জয়ের নায়ক মেয়ার্স। কদিন আগেও যাকে খুব একটা চিনত না ক্রিকেট বিশ্ব। টেস্ট অভিষেকেই তিনি নিশ্চিত করে দিলেন, তাকে আর ভুলতে পারবে না কেউ!
(বিস্তারিত আসছে)
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯
বাংলাদেশ ২য় ইনিংস: ২২৩/৮
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৫, আগের দিন ১১০/৩) ৯৭ ওভারে ২৬৬/৩ (বনার ৮৬, মেয়ার্স , ব্ল্যাকউড ৯, জশুয়া ২০, রোচ ০, ; মুস্তাফিজ ১৩-১-৭১-০, তাইজুল ৩৪-১৭-৩৬-০, মিরাজ ৩৫-৩-১১৩-৪, নাঈম ৩৪-৪-১০৪-১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: কাইল মেয়ার্স।