logo

মেক্সিকোয় ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১

এফই ডেস্ক | Wednesday, 8 September 2021


মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী রিজোর্ট শহর আকাপুলকোর কাছে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে, এতে অন্তত একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতের এই ভূমিকম্পে পাথর ধসে পড়ে ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি খুঁটি উপড়ে পড়ে একজন নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

দেশটির গেরেরো রাজ্যের আকাপুলকোর ১১ মাইল উত্তরপূর্বে ৭ মাত্রার এই ভূমিকম্পটির উপকেন্দ্র বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভূমিকম্পে আকাপুলকোর চারপাশের পাহাড়গুলো কেঁপে ওঠে বড় বড় বোল্ডার রাস্তায় নেমে আসে এবং বহু গাছ উপড়ে পড়ে।

গেরেরো রাজ্যের গভর্নর এক্তোর আস্তুদেইও স্থানীয় টেলিভিশনকে বলেন, খুঁটি উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এর আগে তিনি ও অন্য কর্তৃপক্ষগুলো ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন, তবে এ প্রাকৃতি দুর্যোগটি বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণ হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছেন, ভূমিকম্পে গেরেরো, প্রতিবেশী রাজ্য ওয়াহাকা, মেক্সিকো সিটি এবং অন্য কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মেক্সিকোর গেরেরোর ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আকাপুলকো মেক্সিকো সিটি থেকে প্রায় ২৩০ মাইল (৩৭৫ কিলোমিটার) দক্ষিণপূর্বে।

মেক্সিকো সিটির রোমা সুর এলাকায় ভূমিকম্পের সময় বিদ্যুৎ চলে যায় এবং আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। তাদের কেউ কেউ শুধু পায়জামা পরে ছিলেন বলে রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন। বাসিন্দারা গাদাগাদি করে শিশু ও অথবা পোষা প্রাণী কোলে নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকেন।

রোমা সুরের ৭০ বছর বয়সী বাসিন্দা ইয়াসমিন রিজক বলেছেন, “এটি খুব ভয়ানক ছিল। প্রতিবারই যদি এরকম কিছু ঘটে এটি আমাকে ১৯৮৫ সালের কথা মনে করিয়ে দেয়।”

১৯৮৫ সালে মেক্সিকো সিটিতে ভয়াবহ এক ভূমিকম্পে কয়েক হাজার লোক নিহত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে জানিয়েছিল, পরে অবনমিত করে ৭ মাত্রার বলে জানায়।

ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র ১২ মাইল গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।

মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকো সিটি, গেরেরো, মোরেলোস ও ওয়াহাকা রাজ্যের ১৬ লাখ ব্যবহারকারী ভূমিকম্পের কারণে বিদ্যুৎবিহীন হয়ে রয়েছেন।