logo

মুরাদ ও স্ত্রীর অস্ত্র ধানমণ্ডি থানায় জমা

Sunday, 9 January 2022


বিতর্কের মধ্যে পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রীর জিডির পর ওই দম্পতির তিনটি অস্ত্র থানায় জমা নিয়েছে পুলিশ।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের লাইসেন্স করা একটি পিস্তল ও দুটি শটগান শনিবার থানায় জমা নেওয়া হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“মুরাদের বিরুদ্ধে তার স্ত্রী জাহানারা এহসান নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি জিডি করেছেন, তাই তার নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মুরাদের নামে একটি পিস্তল ও একটি শটগান আর তার স্ত্রীর নামে একটি শটগান জমা নেওয়া হয়েছে ।“

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদ হোসাইন জানান, পরিবারের পক্ষ থেকে অস্ত্র তিনটি থানায় জমা দিয়ে গেছে।

মুরাদের স্ত্রীর জিডির তদন্তের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “ওই জিডি তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়েছি। অনুমতি পেলে তদন্ত করব।”

এক প্রশ্নের জবাবে ইকরাম আলী মিয়া বলেন, “মুরাদ হাসান বর্তমানে ধানমণ্ডির ওই বাসায় থাকছেন না। সেখানে স্ত্রী, তাদের সন্তান ও কর্মচারীরা থাকছেন।”


গত বৃহস্পতিবার ধানমণ্ডি থানায় করা মুরাদের স্ত্রী জিডিতে বলেন, ‘মানসিক নির্যাতনের পাশাপাশি তাকে হত্যার হুমকিও’ দিচ্ছিলেন তার স্বামী।

জাহানারা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে সাহায্য চাইলে পুলিশ ধানমণ্ডির ১৫ নম্বর সড়কের তার বাসায় যায়। তবে সেখানে তারা মুরাদকে পায়নি।

এক চিত্রনায়িকাকে টেলিফোনে হুমকি আর অশালীন বক্তব্যের ভিডিও ফাঁস হলে গত ডিসেম্বরে প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় মুরাদ হাসানকে। জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় স্থানীয় এই এমপিকে।

নানা নাটকীয়তার মধ্যে ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডায় কিংবা আরব আমিরাতে ঢুকতে না পেরে দুদিন পর তাকে ফের দেশে ফিরতে হয়। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন।