logo

মাহাথির হাসপাতালে

এফই অনলাইন ডেস্ক | Friday, 17 December 2021


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“তাকে পূর্ণাঙ্গ মেডিকেল চেক আপ ও এবং আরও পর্যবেক্ষণের ভেতর দিয়ে যেতে হবে,” বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই বলেছে মালয়েশিয়ার হার্ট ইনস্টিটিউট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সাবেক এ প্রধানমন্ত্রীকে আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলেও ধারণা দিয়েছে তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মাহাথিরকে কেন ভর্তি হয়েছে, তা জানা যায়নি; তার মুখপাত্রও হাসপাতালের বিবৃতির বাইরে কিছু বলতে রাজি হননি।

মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের হার্টের সমস্যা নতুন নয়। তার কয়েকবার হার্ট অ্যাটাক ও বাইপাস সার্জারি হয়েছে।

১৯৮১ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর টানা ২২ বছর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ক্ষমতায় ছিলেন তিনি; যে দলের হয়ে ক্ষমতায় ছিলেন তাদেরকে হারাতে জোট গঠন করে ২০১৮ সালের নির্বাচনে জিতে ৯২ বছর বয়সে ফের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন মাহাথির। তবে শরিকদের অন্তর্দ্বন্দ্বে ওই সরকার দুই বছরও পূর্ণ করতে পারেনি।

প্রধানমন্ত্রী না থাকলেও মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথিরের প্রভাব এখনও কম নয়।