মালিবাগে দোকানে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩
এফই অনলাইন ডেস্ক | Monday, 7 March 2022
ঢাকার মালিবাগের চৌধুরীপাড়ায় ভাঙারির দোকানে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পাঁচ দিন আগের ওই ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হল।
সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সী সিদ্দিকুর মারা যান।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের বরাতে হাসপাতাল পুলশি ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।
ওই দুর্ঘটনায় তিনজনের মধ্যে রোববার দুইজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রাতে মারা যাওয়া নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ পোড়া ছিল।
তার আগে দুপুরে মারা যান হেলাল উদ্দিন শেখ (৫০)। আগুনে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
আগুনে দগ্ধ বাকি দুজন নুর নবী (৫১) ও ইউসুফ আলী (৪৯) এ হাসপাতালেই ভর্তি রয়েছেন। নূর নবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে বাচ্চু মিয়া জানিয়েছেন।
বুধবার রাতে চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারি দোকানে আগুনে দগ্ধ হন ওই পাঁচজন। গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সেখানে আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিসের ধারণা।