logo

মানুষ আনন্দ পেলে বিএনপি কষ্ট পায়, বললেন ওবায়দুল কাদের

Friday, 6 May 2022


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ আনন্দে থাকলে বিএনপির নেতাদের কষ্ট হয়।

শুক্রবার  দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে রূপান্তরের কাজ পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই মন্তব্য করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “এবারের ঈদে মানুষের শান্তি ছিল না।

এর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মানুষ যদি আনন্দ পায় তাহলে বিএনপি কষ্ট পায়। তাদের গায়ে জ্বালা হয়, তাদের কষ্ট হয়। সরকারের ভাল কাজ তাদের সহ্য হয় না।

সড়ক পথে দায়িত্বরতরা ভাল কাজ করায় এবার ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি গেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার সড়কের অবস্থা ভাল ছিল। ঈদে মানুষের আনন্দের হাসিমুখ দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পেয়েছি, ঘরমুখো মানুষের ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। ঈদটা ভালই কেটেছে। বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে সারা বিশ্বেই সয়াবিন ও জ্বালানি তেলের দাম বেড়েছে, তার প্রভাব দেশের বাজারেও পড়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগ নেতা বলেন, “মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনাভাইরাসের সংকটের সময়েও তার দূরদর্শীতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে। তিনি সব সমস্যার সমাধান করবেন।